রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৩:০৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৩:০৪:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ২৮ জানুয়ারি রাজশাহীতে রুয়েট ও ঢাকায় বুয়েট কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে অনুষ্ঠিত হবে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুয়েটের জনসংযোগ কর্মকর্তার দপ্তর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে অনুষ্ঠিত ভর্তি পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতভাবে দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের বিভিন্ন বিভাগের ১ হাজার দুই শতাধিক আসনের বিপরীতে সর্বমোট ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালে অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ (চার) অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। একইভাবে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা

সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে ন্যূনতম জিপিএ ১৩.০০ (তেরো) পেতে হবে। বিশেষ করে এই তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ (চার) থাকতে হবে। এ ছাড়া প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

সেই সঙ্গে প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রুয়েট

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]