হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:২৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:২৭:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে। আমরা উভয় পক্ষই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।

 

এর আগে চীনের শেনজেনের বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সেখানে দুই নেতার বৈঠক শুরু হওয়ার খবর জানায় চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। বৈঠকের শুরুতে দুই নেতা একসঙ্গে আলোকচিত্রীদের সামনে দাঁড়ান এবং পরে মুখোমুখি বসে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেন। এ সময় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের আয়োজনের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, সম্মেলনটি অসাধারণ হয়েছে এবং এর প্রতিটি আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। কিছু বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরা সম্ভব না হলেও পুরো আয়োজন অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

 

২০১৭ সালে চীনে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের স্মৃতিচারণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এরপর থেকে শি জিনপিংয়ের সঙ্গে তার চমৎকার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। কেউ কেউ এই সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হলেও তিনি নিজে এতে খুশি। দুই দেশের মানুষের স্বার্থেই এই বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

 

ট্রাম্প আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্য কোনো দেশের পক্ষে যা করা সম্ভব নয়, বিশ্বের এই দুই বৃহৎ শক্তি একসঙ্গে তা করতে সক্ষম।

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]