সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১২:২১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১২:২১:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

 

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন জানানো হয়।

 

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও আবদুল্লাহ আল নোমান।

 

শুনানিতে মামলার অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন জানায়, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগে জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৫২ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া তথ্য-উপাত্ত হিসেবে ৯৩৬ পৃষ্ঠার প্রমাণাদি জমা দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য প্রাথমিকভাবে যথেষ্ট প্রমাণ রয়েছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানানো হয়েছে।

 

রাষ্ট্রপক্ষের শুনানি শেষে জাহাংগীর আলমের পক্ষে শুনানি করেন তাঁর আইনজীবী মো. মজিবুর রহমান। তিনি আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানির সময় জাহাংগীর আলম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।এর আগে মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামি ধনঞ্জয় কুমার দাসের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে শুনানি না হওয়ায় পরবর্তী তারিখে শুনানি অনুষ্ঠিত হয়।

 

এরও আগে, ২৭ আগস্ট ট্রাইব্যুনাল-২ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই দিন তাঁদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

 

মামলায় জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটির পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]