স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে টিআরসি নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা সম্পন্ন

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৯:১২:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৯:২৪:০২ অপরাহ্ন
 নির্দেশনা নিজস্ব প্রতিবেদক: ‘

সেবার ব্রতে চাকরি’-এই প্রত্যয়কে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা (Physical Endurance Test-PET) এর তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত পরীক্ষার শেষ দিনে ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, দক্ষতা ও যোগ্যতা যাচাই করা হয়। প্রতিটি ইভেন্টে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম ও জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলামের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ পুলিশ

হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, মেডিক্যাল বোর্ডের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম উপস্থিত চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা সম্পূর্ণ নিজেদের যোগ্যতা ও শারীরিক সক্ষমতার মাধ্যমে আজকের এই পর্যায়ে পৌঁছেছ। প্রতিটি ইভেন্টে তোমাদের মনোযোগ, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম প্রশংসার যোগ্য। মনে রেখো, এই চাকরি তোমাদের কেউ দিতে পারবে না; বরং তোমাদের আন্তরিক চেষ্টা, সততা ও যোগ্যতার মাধ্যমেই চাকরি অর্জন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপ এমনভাবে সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে। এখানে স্বচ্ছতা, ন্যায্যতা এবং মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে।

তাই কোনো ধরনের দালাল, প্রলোভন বা প্রভাবের প্রতি কর্ণপাত করবে না।’ চাকরিপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হয়ে দেশের সেবা করাই যেন তাদের জীবনের লক্ষ্য হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা প্রদান এবং মানবিক সেবা নিশ্চিত করাই হবে একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব। তিনি প্রার্থীদের উদ্দেশে আরও বলেন, নিয়োগ পরীক্ষার এই পর্যায় তাদের যাত্রার শেষ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। পরবর্তী ধাপগুলোতেও একই নিষ্ঠা, পরিশ্রম ও সততার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রেখে নিজেদের যোগ্যতার প্রতি আস্থা রাখার পরামর্শ দেন। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়। শারীরিক সক্ষমতা যাচাই থেকে শুরু করে পরবর্তী পরীক্ষাগুলোতেও নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করা হয়।

এর মাধ্যমে মেধাবী, যোগ্য, সৎ ও শারীরিকভাবে সক্ষম প্রার্থী বাছাইয়ের পাশাপাশি নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় নিয়োগ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]