সাদা প্রাইভেট কারের ‘রহস্যজনক চক্করের’ পর ইউনিয়ন পরিষদসহ দুই স্থাপনায় আ'গুন

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:১৪:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:১৪:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে আগুনে পুড়েছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একটি সাদা প্রাইভেটকারের রহস্যজনক চক্করের পর মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শাখারিকাঠী এলাকায় ইউনিয়ন পরিষদে (ইউপি) আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এদিকে আড়াইটার দিকে কবিরাজবাড়ীতে চারটি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানান, রাত আড়াইটার দিকে কবিরাজ বাড়িতে আগুন লেগে সেখানে থাকা মোস্তফা মাঝি, আরাফাত মাঝি, আব্দুস সামাদ, মো. শাহীনদের মোট চারটি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে মুদি মনোহরী, পার্টস ও গ্যারেজের দোকান। আগুনের খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অন্যদিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. লিপু শরীফ জানান, রাত পৌনে দুইটার দিকে একটি সাদা প্রাইভেট কার দুই তিনবার রাউন্ড দেয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তারা আগুন দিয়ে পালিয়ে গেছে। টুঙ্গিপাড়ার ধারাবাহিকতা এখানেও ঘটেছে, স্থানীয় পালাতক আওয়ামী লীগের নেতারা দূর থেকে এটা ঘটাচ্ছে। পরিষদে রাখা টিসিবি পণ্য ক্ষতিগ্রস্ত হয় এবং হল রুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে যায়।

 

এদিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুরাদ হাসান বলেন, রাত ২টার দিকে একটি ফোন কলে দোকানের কাছে আসি। এসে দেখি দোকানের চারও পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। পাহারাদার বলেছে একটি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কারে এসে কারা যেন আগুন দিয়েছে। আমার ধারণা সাড়া দেশে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছে এটি তার অংশ এতে আমার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

 

এবিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ক্ষমতার লোভে আগুন সন্ত্রাস শুরু করেছে সারা দেশে, এটিও তার একটি অংশ। আমরা এ বিষয়ে আজই আইনি পদক্ষেপ নিব।

 

জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব পরিদর্শনে এসে বলেন, দেশের আইনশৃঙ্খলার অবনতির কারণে এ ঘটনা ঘটেছে। আপনারা শুধু  আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল না থেকে নিজেরাও সচেতন হন এবং প্রতিহত করেন।

 

নাজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোয়াইব হোসাইন মুন্সি বলেন, পৃথক দুটি আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে ঘটনা ঘটেছে তা তদন্তের পরে জানানো সম্ভব হবে। 

 

নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে কবিরাজবাড়ীতে কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে তারা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।

 

 

 

 

 

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]