জুড়ীতে ভোরবেলা ব্যবসায়ীর দোকানে নি'ষি'দ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হা'ম'লা, ব্যবসায়ীকে পি'টি'য়ে জ'খ'ম, মা'লা'মা'ল ও নগদ টাকা লু'ট

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:১২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৫:৪০ অপরাহ্ন
এস এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে দোকান খুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফখরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। এ সময় হেলমেট দিয়ে আঘাত করে তাঁর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। পাশাপাশি দোকানের নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বড়ধামাই গ্রামে ফখরুল ইসলামের বাড়িসংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে ব্যবসার উদ্দেশ্যে দোকান খোলেন ফখরুল ইসলাম। এ সময় ধামাই চা-বাগানের দিক থেকে আসা সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের বাবুল মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সুমন (৩৫) ও তাঁর এক অজ্ঞাত সহযোগী দোকানে আসেন। সিগারেট কেনাকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে দোকানদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলমেট দিয়ে আঘাত করলে ফখরুল ইসলামের নাক ফেটে রক্তাক্ত জখম হয়। অভিযোগ রয়েছে, হামলার পর দোকানের নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তাঁরা পালিয়ে যান। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে দোকানের মালামাল এলোমেলো করে দুই যুবকের পালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ফখরুল ইসলামকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ভোরবেলা সুমন ও তাঁর সহযোগী বড়ধামাই গ্রামের আছাদ উদ্দিনের বাড়িতে যান। কিছুক্ষণ পর নেশাগ্রস্ত অবস্থায় ফিরে এসে দোকানদারের ওপর হামলা চালিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যান বলে তিনি দাবি করেন। জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু জানান, ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। পরে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে

প্রাথমিকভাবে জানতে পারেন, ভোরে সিগারেট কিনতে আসা দুই যুবকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানের মালিক ফখরুল ইসলামকে হেলমেট দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর নাক ফেটে রক্তাক্ত জখম হয়। পরে দোকানের মালামাল এলোমেলো করে ওই দুই যুবক পালিয়ে যান। বাদীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]