নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অনুমোদনহীন হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেই যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে, যা নগরবাসীর জন্য চরম জনদুর্ভোগ ডেকে আনছে এবং সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটাচ্ছে।
এ ছাড়া অতিরিক্ত ও বিকট শব্দের কারণে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএমপি আরও জানিয়েছে, আগামী ১ ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের নিজ দায়িত্বে এসব সরঞ্জাম অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন বা বিকন লাইট সংযোজিত অবস্থায় কিংবা ব্যবহৃত হতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।