রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ,১২০দিনের মধ্যে নির্বাচন

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:২৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:২৯:৩২ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃত্ব ও নির্বাচন নিয়ে চলমান জটিলতার মধ্যে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বাণিজ্য


মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংগঠনটির কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। চলমান সমস্যা নিরসন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর আগে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। গত ২৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ২১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণার নির্দেশ দেয়। কিন্তু পরদিনই নির্বাচন কমিশন সভাপতি মোঃ মাহবুবুর রশীদ শান্তনু ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলালসহ ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। সংগঠনের সাধারণ সদস্য মোঃ আসাদুজ্জামান নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সাধারণ সভা ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ছাড়াই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে সংগঠনটির নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রশাসনের হাতে গেল।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলাল ও নবনিযুক্ত প্রশাসক রেজাউল আলম সরকারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]