কালীগঞ্জে রহস্যজনকভাবে যুবকের মৃ'ত্যু, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:২১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:২২:৩৯ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বালীগাঁও শ্মশানঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওই পরিত্যক্ত ইটভাটায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, নিহতের পরনে কালো প্যান্ট ও ধূসর রঙের টি-শার্ট ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা চিহ্ন
রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার তৈরি কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং তার স্বজনদের সন্ধানে কাজ করছে পুলিশ। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]