বাগেরহাটে ভিক্ষুকের কাছে জাল নোট ভাঙাতে গিয়ে ধরা চক্রের সদস্য

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৭:২১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৭:২১:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোংলায় জাল টাকা কারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন ধরে তাকে পুলিশে দেয়। এসময় তার কাছে সাড়ে ৮ হাজার জাল টাকা উদ্ধার করে পুলিশ।

 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

 

এই ঘটনায় আটক ফখরুল ইসলাম পটুয়াখালীর বাউফলের দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার হাবিবুর রহমান নামে এক ব্যক্তির পান দোকানে এক হাজার টাকার একটি জাল টাকার নোট ভাঙাতে যান ফখরুল ইসলাম (৪৫)। হাবিবুর নোটটি জাল বুঝতে পেরে তাকে নোটটি ফেরত দিয়ে দেন। এর পরপরই বাজারের আ. সাত্তার নামে ভিক্ষুককে প্রথমে ২০ টাকা দিয়ে পরে তার কাছ থেকে এক হাজার টাকার একটি জাল নোট ভাঙিয়ে নেন। এ সময় আকস্মিকভাবে দূর থেকে পান দোকানি হাবিবুর ঘটনাটি দেখতে পান। তখন হাবিবুর বাজারের লোকজন জড়ো করে জালিয়াত ফখরুলকে হাতেনাতে আটকের পর পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে জাল টাকাসহ এ অভিযুক্তকে থানায় নিয়ে যান।

 

পুলিশের ভাষ্য, জালিয়াত চক্রের সদস্য ফখরুল পুলিশের কাছে স্বীকারোক্তিতে নোট জালিয়াতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি সকাল থেকেই ৯ হাজার জাল টাকা ভাঙানোর জন্য ঘুরছিলেন। আর তাকে এ টাকা সরবরাহ করেছেন ভোলার আরেক জাল নোট কারবারি মো. আলাউদ্দিন। ফখরুল এই চক্রের সঙ্গে নিজ এলাকার বাইরে বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে এই জাল টাকার জালিয়াতি করে আসছেন বলেও স্বীকার করেছেন।

 

মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, জাল টাকার নোটসহ আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। তার কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। সোমবার আটক হওয়া ফখরুলের বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকার নোট জালিয়াতির কারবারের ঘটনায় চারটি মামলা রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]