টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৬:২৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:৫২:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণায়। 

 

রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে দেশের সরকারি স্বাস্থ্য খাতের ভয়াবহ চিত্র ও নানা অনিয়মের তথ্য উঠে এসেছে।

 

গবেষণায় দেখা গেছে, আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি এবং কিছু প্রত্যন্ত অঞ্চলে এই অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি। 

 

এছাড়া রোগীরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের জন্য গেলে চিকিৎসকরা ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেন এবং বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। 

 

কেন্দ্রীয় ঔষধাগারের কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার পাশাপাশি কিছু সরঞ্জাম বাজারমূল্যের চেয়ে ১৮ গুণ বেশি দামে কেনার প্রমাণও মিলেছে। এর পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্রের নামে অবৈধ অর্থ আদায় এবং অস্ত্রোপচারের মিথ্যা আশ্বাসে সাধারণ রোগীদের হয়রানি করার মতো ঘটনা রয়েছে। 

 

বিএমডিসির প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এবং ২০১০ থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত জমা হওয়া ১৭২টি অভিযোগের মধ্যে ৭৯টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা প্রকাশ করে। গত এক দশকে মেডিকেল কলেজের সংখ্যা ৬২ থেকে বেড়ে ১১৮টিতে দাঁড়ালেও সে অনুপাতে শিক্ষার মান ও তদারকি বাড়েনি।

 

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি দূর করা সম্ভব নয় বরং সুশাসন, জবাবদিহি এবং নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানান যে কেবল শাস্তি নয়, স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোতে সংস্কার আনতে হবে এবং নীতি প্রভাবিত করার প্রবণতা রোধ করতে হবে। 

 

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য খাতের এসব দুর্নীতি ও অনিয়ম কমাতে ডায়াগনস্টিক সেন্টার বা প্রতিষ্ঠানে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ ও বদলিতে ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা চালু করা এবং প্রত্যন্ত অঞ্চলে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। 

 

পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের প্রধান হওয়ার সুযোগ বন্ধ করে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।










 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]