লোকাল থেকে কমিউটার হচ্ছে নাজিরহাটের দুই জোড়া ট্রেন

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৫:১২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৫:১২:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ব্যবস্থায় ট্রেনগুলোর নাম হবে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। একই সঙ্গে সাতটি কোচ নিয়ে ট্রেনগুলোর রেক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপপরিচালক (টিটি) মো. মেহেদী হাসান।

 

রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের লক্ষ্যে সাতটি কোচের একটি রেক গঠনের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে।

 

এতে আরও বলা হয়, ট্রেনগুলোর নতুন নাম নির্ধারণ করা হয়েছে নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪। এ অবস্থায় নির্ধারিত লোডে রেক গঠন করে ট্রেনগুলো পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 

রেলওয়ের নির্ধারিত কোচ বিন্যাস অনুযায়ী, প্রতিটি রেকে সাতটি কোচ থাকবে। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ রেক (এসএলআর) কোচ রাখা হয়েছে।










 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]