নেত্রকোণায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, কাল শারীরিক সক্ষমতা পরীক্ষা

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:২২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:২৬:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের বাছাই কার্যক্রমে শারীরিক যোগ্যতা পরিমাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই শেষে যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়। এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোণার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশরাফুল করিম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রার্থীদের উদ্দেশে বলেন, সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।


চাকরি পাওয়া বা না পাওয়া সম্পূর্ণ প্রার্থীদের নিজস্ব যোগ্যতার ওপর নির্ভর করবে। তাই কোনো প্রকার প্রতারণার শিকার না হওয়ার পাশাপাশি দালালদের সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন। তিনি আরও বলেন, কোনো দালালের কাছে গিয়ে নিজের কিংবা মা-বাবার ক্ষতির কারণ হওয়া যাবে না। একজন প্রার্থী যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ভালো করলে তার চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার সুযোগ নেই। পুলিশ সুপার আগামী দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে যথাসময়ে মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান। নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রাথমিক বাছাইয়ে শারীরিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করবেন। এ জন্য নির্বাচিত প্রার্থীদের সকাল ৭টার মধ্যে নেত্রকোণা পুলিশ লাইন্সে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে যথাযথভাবে পূরণ করা ইনডেমনিটি ফরম বা ঘোষণাপত্রে স্বাক্ষর করে সঙ্গে আনতে বলা হয়েছে। পরীক্ষার মাঠে মোবাইল ফোন না আনার বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম দিনের কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মাহফুজা খাতুন, বারহাট্টা সার্কেলের

অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান, খালিয়াজুরি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহিদুর রহমানসহ নিয়োগ পরীক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা। সংশ্লিষ্টরা জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী ধাপের কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]