অন্যায়ের প্রতিবাদে বিএনপির রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৩:০১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:০৩:১৫ অপরাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. রবিউল ইসলাম রোমান। তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সোমবার (১৬ নভেম্বর) একটি জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। পরে তাঁর দেওয়া পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। বিবৃতিতে রোমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকেই ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। দলের বিভিন্ন মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে আশাবাদী হয়েছিলেন। কিন্তু তাঁর দৃষ্টিতে ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে। রোমানের অভিযোগ, মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ছাড়া থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন রোমান। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত ভাঙচুরের ছবি সম্পাদনা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগও তোলেন তিনি। এমনকি হাসপাতালে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তাঁর কাকাকেও আসামি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন। বিএনপির রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের পেছনে পারিবারিক একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মামা মরহুম আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত থাকার পর জীবনের শেষ সময়ে দলের পক্ষ থেকে যথাযথ খোঁজখবর ও সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন রোমান।

তিনি বলেন, দলের কঠিন সময়ে নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তাঁর মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তাঁর খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল। বিবৃতিতে রোমান আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি কিংবা কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি। তিনি ঝিনাইগাতীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে যেন কষ্ট দেওয়া বা অন্যায়ভাবে হয়রানি করা না হয়। পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা ও সহনশীলতা বজায় রেখে মাদকমুক্ত, পাহাড় ও প্রকৃতিবান্ধব এবং অন্যায়-দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিবৃতির শেষাংশে রাজনৈতিক জীবনের পথচলায় পাশে থাকা, সহযোগিতা করা ও ভালোবাসা দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুনের সঙ্গে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র পাননি। তিনি আরও বলেন, সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না। দু-একজন নেতা দল থেকে চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]