ভাঙা সেতুর কারণে ফায়ার সার্ভিসের বিলম্ব, আ'গুনে পু'ড়ল ১৮ দোকান ও ২ বসতঘর

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০১:১৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০১:১৭:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী ও দুটি পরিবার। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, খবর দেওয়ার পরও সড়কের একটি সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এত ভয়াবহ রূপ নিয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

 

বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, রাতে মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসি থেকে প্রথমে আগুনের কুণ্ডলী বের হতে দেখেন কয়েকজন বাসিন্দা। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন বাজারের খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

অপর ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাতে আগুন লাগার পর ভোর পর্যন্ত স্থানীয়রাই তা নেভানোর চেষ্টা চালান। কিন্তু এর মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের অন্য পাশে তার দোকান থাকায় সেটি রক্ষা পেলেও অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। দোকানের পাশাপাশি বসতঘর পুড়ে যাওয়ায় দুটি পরিবারের সদস্যরা এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

 

বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তার দাবি, খবর পাওয়ার দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো।

 

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি পরিবারের বসতঘরসহ দোকানপাট পুড়ে যাওয়ায় তারা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এগারগ্রাম এলাকায় সড়কের সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

 

এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রামের সড়কের সেতু ভাঙা থাকায় বড় গাড়ি নিয়ে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়; ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

স্টেশন মাস্টার আরও জানান, একটি খাবারের দোকান ও একটি ওষুধের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে আগুনে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]