নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০১:১৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৬:৫৬:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

 

অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন মাতামুহুরী থানা স্থাপন করা হবে। একইভাবে বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় স্থাপন করা হবে মোকামতলা থানা।

 

এ ছাড়া বগুড়ার মোকামতলা উপজেলা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সিদ্ধান্ত হয়েছে।

 

সভায় লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও নির্ধারণ করা হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও তা পরিবর্তন করে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

 

নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]