পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১২:৫৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১২:৫৬:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি। পাশের দেশের মদদে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবারও ক্ষমতায় আসতে চায় তারা—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় ফেরার যে অপচেষ্টা চলছে, তা দেশের জনগণ কখনো সফল হতে দেবে না। ক্ষমতায় ফিরে তারা আবারও দেশের ব্যাংকের অর্থ পাচার করবে এবং মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসী জীবনযাপন করবে। তাদের সেই সুখের স্বর্গে আর কখনো ফিরে যাওয়ার সুযোগ হবে না।

 

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করা হবে।

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে দক্ষিণ মহানগর বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন। তারা দায়িত্বে থাকলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ভবিষ্যতে যত ষড়যন্ত্রই হোক না কেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা মোকাবিলা করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করা হবে।











 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]