‘মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে’, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৮:৪৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৮:৪৯:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার দাবি, তার স্বামীর মোবাইল ফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং তিনি নির্দোষ।

 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে এসপি জাহাঙ্গীরের রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এই দাবি করেন মাসুমা আক্তার। এ সময় আদালতের বাইরে মায়ের সঙ্গে তার দুই শিশুসন্তানও উপস্থিত ছিল।

 

সাংবাদিকদের মাসুমা আক্তার বলেন, আমার স্বামী কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা তদন্ত করে দেখেন, আসলে কী ঘটনা। তার মুঠোফোন হ্যাক করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।

 

স্বামীর রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে ওঠা অভিযোগ নাকচ করে তিনি জানান, তার স্বামী কখনোই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা বলেননি। তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবনের পুরো ইতিহাস যাচাই করে দেখার অনুরোধ জানান তিনি।

 

পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মাসুমা বলেন, ‘আমার স্বামী একজন কৃষকের সন্তান। একসময় আমার শ্বশুরের আয়ে পরিবারের ১২ সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীর আলমের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও আমার স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি।’

 

এদিকে রোববার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম চতুর্থ আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়।

 

পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানের সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর আলম। তার মোবাইল ফোনে পাওয়া কিছু বার্তার ভিত্তিতে এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

 

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে। তিনি মো. জিন্নাত আলীর ছেলে।










 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]