বিএসএফের পুশইন চেষ্টা: জামালপুরে সীমান্তের শূন্যরেখা থেকে উধাও সেই নারী

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৮:১৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৮:১৪:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার শিকার হয়ে টানা পাঁচদিন ধরে শূন্যরেখায় অবস্থান করছিলেন এক নারী। তবে ৬ দিনের মাথায় হঠাৎ সেখান থেকে তিনি উধাও হয়ে গেছে। ওই নারীর সর্বশেষ অবস্থান নিশ্চিত করতে পারেননি গ্রামবাসী ও প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে শূন্যরেখায় থাকা সেই নারীকে আর দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীরা। এর আগে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন বলে ভাষ্য স্থানীয়দের।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়েছি, শূন্যরেখায় অবস্থান করা ওই নারীকে রোববার সকাল থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে তিনি কোথাও চলে গেছেন।

 

স্থানীয় বাসিন্দা শেখ সাদি, নুর ইসলাম, জরিনা বেগম  বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় দেখা গেছে। গতকালও স্থানীয় নারীরা তাকে বিস্কুট ও খাবার পানি দিয়েছিলেন। কিন্তু আজ (রোববার) সকালে তাকে কোথাও দেখা যায়নি।

 

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, শনিবার ওই নারী যেখানে ছিলেন, রোববার সেখানে তাকে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যানও আমাদের জানিয়েছেন, আজ থেকে ওই নারীকে আর শূন্যরেখায় দেখা যাচ্ছে না। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে এতটুকুই বলার আছে।

 

এ বিষয়ে জামালপুর (৩৫) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, রোববার সকাল থেকে ওই নারীকে শূন্যরেখায় দেখা যায়নি। তিনি জানান, বিএসএফ কিংবা তার আত্মীয় স্বজন তাকে নিয়ে যেতে পারে। সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান বজায় থাকবে। 

 

উল্লেখ্য, গত ১০ নভেম্বর সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানান স্থানীয়রা। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছিলেন।














 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]