নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার পর রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।
স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত দল পুলিশ অফিসার্স মেসে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দুটি নির্দিষ্ট বার্তা পাওয়া গেছে। এসব বার্তার ভিত্তিতে প্রাথমিক ফৌজদারি মামলা করা হয়েছে।
ডিআইজি জানান, একটি বার্তায় আগামী ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়া এবং আগের সরকারকে পুনর্বাসনের কথা বলা হয়েছে। অপর বার্তায় ওই মাসে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয়।
বার্তা দুটি একই ব্যক্তির সঙ্গে, নাকি আলাদা ব্যক্তির সঙ্গে কথোপকথনের অংশ—সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। ডিআইজি বলেন, বিষয়গুলো এখনো তদন্তাধীন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।
মামলার এজাহারে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগও আনা হয়েছে।
এজাহারের তথ্য উল্লেখ করে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে মাঠে নামার আহ্বান জানানো হয়েছিল। সেখানে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও ছিল। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে। সেখান থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা চট্টগ্রামের স্থানীয় নেতা, নাকি জাতীয় পর্যায়ের নেতা-এমন প্রশ্নের জবাবে ডিআইজি বিষয়টিকে সংবেদনশীল বলে মন্তব্য করতে রাজি হননি।
এ ছাড়া হালিশহরে জাহাঙ্গীর আলমের কর্মস্থলে অন্য কোনো পুলিশ কর্মকর্তা বা ব্যক্তি এ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডিআইজি।
কবে থেকে এ ধরনের যোগাযোগ শুরু হয়েছিল কিংবা কত দিন ধরে কথোপকথন চলছিল, সে বিষয়েও বিস্তারিত জানাননি তিনি। তার ভাষ্য, এজাহারে উল্লেখ করা তথ্যের বাইরে তদন্তের স্বার্থে আপাতত অতিরিক্ত কিছু বলা সম্ভব নয়। মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে। তদন্তের মাধ্যমে অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। গ্রেপ্তারের আগে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।