সুযোগ পেলেও সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৩:০৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৩:০৬:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে সরকার। তবে এই সুযোগ পেয়েও পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেননি ৫৬ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। 

 

জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

 

এদিকে আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা এ পরীক্ষা দিতে পারছেন। শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পেরেছেন। তবে ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর। বোর্ডগুলো কত শিক্ষার্থী ফরম পূরণ করেছে গতকাল সেই তথ্য সম্পন্ন করেছে।

 

আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডের ৭১ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ হাজার ৮৬৯ জন রাজশাহী শিক্ষা বোর্ডের। আর সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, ১৪ হাজার ৪০৬ জন।

 

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোর বোর্ডে ৩৯ হাজার ২৩২ জন, দিনাজপুর বোর্ডে ৩৭ হাজার ৯১১ জন, চট্টগ্রাম বোর্ডে ৩১ হাজার ৫৪১ জন, কুমিল্লা বোর্ডে ২৭ হাজার ৬৫৩ জন, সিলেট বোর্ডে ২১ হাজার ৪২০ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২১ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৩৪ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।

 

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। 








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]