নিজস্ব প্রতিবেদক
নভেম্বর উইন্ডোতে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে সেলেসাওরা। বিশ্বকাপের শেষ ৩২–এ এই জাপানকে ২-১ গোলে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ভিনিসিয়ুস-গুইমারেসদের হারিয়ে প্রতিশোধ নিলো জাপান।
এমন হারের পর তোপের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। পদত্যাগ করে ইতালিয়ান এই কোচকে ক্লাবে ফিরে যেতে বলেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোমারিও।
জাপানের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আনচেলত্তিকে নিয়ে ক্ষোভ উগরে দেন রোমারিও। তিনি লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! ব্যাগ গুছিয়ে চলে যান! আর নিতে পারছি না আমরা। আপনার ক্যারিয়ার নিয়ে কারও প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা কোচ আপনি। তবে ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের জন্য সঠিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি।’
এরপর ব্রাজিলের ফুটবলপ্রধান সভাপতি সামির দাউদের উদ্দেশে বার্তা দিয়েছেন রোমারিও। সিবিএফ সভাপতিকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘সামির, তুমি তরুণ, ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের ভালো চাও। এখন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখানোর সময় এসেছে। আনচেলত্তিকে বরখাস্ত করো!’
রোমারিও আরও লিখেছেন, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা অনেকবারই বিব্রত হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’