বজ্রপাতের ঝুঁকি হ্রাসে ব্যতিক্রমী উদ্যোগ, ব্রাহ্মণবাড়িয়ায় রোপণ হবে ১,০০০ তালবীজ

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১২:২৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১২:২৬:০৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বজ্রপাতের ঝুঁকি হ্রাসে সচেতনতা সৃষ্টি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানুষরতন সামাজিক সংঘ’। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নেওয়া মাসব্যাপী এ কর্মসূচির প্রথম ধাপে ২০০টি তালবীজ রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সড়কের দুই পাশে তালবীজ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মাহমুদুল হক তৌহিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রোমান, মো. ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন মাখিন, মো. তাহের মিয়া, মো. জুনায়েদ খন্দকার, ছাত্রবিষয়ক সম্পাদক মো. আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজাত মো. আব্দুস সাত্তার বলেন, ‘পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় থেকেই আমাদের এই উদ্যোগ। প্রথম ধাপে ২০০টি তালবীজ রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলাজুড়ে মোট ১ হাজার তালবীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, শুধু বীজ রোপণ নয়, সেগুলোর বেড়ে ওঠা নিশ্চিত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে এমন স্থানকে অগ্রাধিকার দেওয়া হবে।

পরিত্যক্ত উঁচু জমি, বিভিন্ন সড়কের দুই পাশ, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও কবরস্থানের আশপাশে পর্যায়ক্রমে তালবীজ ও তালগাছ রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা বীজ ও চারার নিয়মিত পরিচর্যা এবং সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে। পরিবেশগত গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তালগাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ। জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জনপদে সবুজায়ন বৃদ্ধিতে এর ভূমিকা রয়েছে। বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছ রোপণ নিয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে সবাইকে। সংগঠন সূত্রে জানা গেছে, এ উদ্যোগকে কেবল একটি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না মানুষরতন সামাজিক সংঘ। বরং তরুণ সমাজ, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পরিবেশ সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে এটিকে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ—এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সম্মিলিত সামাজিক প্রচেষ্টাও জরুরি। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, পরিবেশ সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মানুষরতন সামাজিক সংঘের এ কর্মসূচির মূল লক্ষ্য—বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলা। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একটি তালবীজ আজ রোপিত হলে, আগামী দিনে তা হয়ে উঠতে পারে প্রকৃতির আশ্রয়। সবুজায়নের এই ছোট উদ্যোগই সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে পারে পরিবেশবান্ধব আগামীর বাংলাদেশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]