শেরপুরে অপহরণের শিকার তরুন সাংবাদিক শেকলে বেঁধে মুক্তিপণ আদায়

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১০:০২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১০:০৬:৩২ অপরাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরে অপহরণের শিকার সাংবাদিক, শেকলে বেঁধে মুক্তিপণ আদায়ছবি: সংগৃহীত শেরপুর প্রতিনিধি: চিকিৎসা নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন সাংবাদিক আল আমিন। উদ্দেশ্য ছিল ময়মনসিংহে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া। কিন্তু সেই যাত্রা যে তাকে নিয়ে যাবে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি, তা কল্পনাও করেননি তিনি। অভিযোগ, পথেই কৌশলে অচেতন করে তাকে তুলে নেওয়া হয়। এরপর নির্জন একটি বাগানে নিয়ে লোহার শেকলে বেঁধে রাখা হয়। দাবি করা হয় ৫ লাখ টাকা মুক্তিপণ। টাকা দিতে না পারায় চলে শারীরিক নির্যাতন। জিম্মি অবস্থায় তার বিকাশ হিসাব থেকে দুই দফায় তুলে নেওয়া হয় ২০ হাজার ৫৫০ টাকা। কেড়ে নেওয়া হয় দুটি মুঠোফোন ও চারটি সিমকার্ড। এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক আল আমিন। গত বৃহস্পতিবার ময়মনসিংহে চিকিৎসা নিতে যাওয়ার পথে তিনি অপহরণের শিকার হন বলে অভিযোগ করেছেন।

আল আমিনের দাবি, এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে তাকে অপহরণ করা হয়েছিল এবং কারা অর্থ উত্তোলন করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হোক। আল আমিন জানান, বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহের পথে রওনা হন তিনি। যানজটের কারণে ব্রিজের ওপর দিয়ে হেঁটে পার হওয়ার সময় এক হকারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ব্রিজের শেষ মাথা থেকে একটি অটোতে ওঠেন। তার অভিযোগ, অটোতে ওঠার প্রায় এক মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা তিন যুবক সেখানে ওঠে। একপর্যায়ে তাদের একজন পকেট থেকে টিস্যুজাতীয় একটি বস্তু বের করে তার নাকের সামনে ঝাঁকিয়ে দেয়। এরপর কী ঘটেছিল, কোথায় নেওয়া হয়েছিল তাকে কিছুই বুঝতে পারেননি তিনি। কিছুটা স্বাভাবিক হওয়ার পর নিজেকে অপহরণকারীদের কবলে আবিষ্কার করেন আল আমিন। তার ভাষ্য, প্রথমে অটোতে করে ব্রিজ মোড় থেকে সানকিপাড়া মোড় পর্যন্ত নেওয়া হয় তাকে। পরে মোটরসাইকেলে করে গোয়ালিকান্দা এলাকার একটি নির্জন বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি টং বা মাচার নিচে লোহার শেকলে দিয়ে বেঁধে রাখা হয়। আল আমিনের অভিযোগ, নির্জন বাগানে প্রথমে চারজন ব্যক্তি অবস্থান করছিল। কিছুক্ষণ পর আরও তিন-চারজন সেখানে যোগ দেয়। এরপর তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় শারীরিক নির্যাতন।

আকাশমণি গাছের মোটা ডাল, কাটার, কাঁচি ও দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে তার হাত-পা ও নখে আঘাত করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয় বলে দাবি তার। একপর্যায়ে রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার দিকে পাঁচ হাজার টাকা দিতে রাজি হন তিনি। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি অপহরণকারীরা। পরে আরেকটি দল এসে তার কাছে ২০ হাজার টাকা দাবি করে। জিম্মি অবস্থায় অর্থ আদায়ের অভিযোগের পক্ষে বিকাশ অ্যাপের লেনদেনের স্ক্রিনশট গণমাধ্যমকর্মীদের দেখিয়েছেন আল আমিন। সেখানে ওইদিনের দুটি ক্যাশ আউট লেনদেনের তথ্য পাওয়া গেছে। আল আমিনের দাবি, অপহরণকারীদের নির্দেশ ও নিয়ন্ত্রণেই এসব লেনদেন হয়েছে। তার বিকাশ হিসাব ব্যবহার করে অন্যরা দোকানে গিয়ে টাকা তুলে নেয়। লেনদেনের তথ্য ও সংশ্লিষ্ট নম্বরগুলো যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তিনি। অর্থ আদায়ের পাশাপাশি আল আমিনের ব্যবহৃত দুটি মুঠোফোন ও চারটি সিমকার্ড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোন দুটি হলো Motorola Edge 50 ও একটি Symphony বাটন ফোন। তার দেওয়া হিসাব অনুযায়ী, ফোন দুটির আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ৩৫ হাজার ও ১ হাজার ৫০০ টাকা। আল আমিনের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় মাগরিবের আজানের পর পুলিশের একটি ফোন আসে।

এরপর অপহরণকারীরা তার দুটি মুঠোফোন বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। চলে যাওয়ার আগে কাউকে কিছু জানালে কিংবা কোথাও দেখা হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। সাংবাদিক আল আমিন বলেন, ‘আমি প্রাণ নিয়ে ফিরে এসেছি, কিন্তু এই ভয়াবহ ঘটনার বিচার চাই। আমার সঙ্গে যা ঘটেছে, তা যেন আর কারও সঙ্গে আর না ঘটে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]