শেরপুরে নকলায় তরুন সাংবাদিক মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড় ও মোমবাতি, চিরকুটে ‘বিশেষ উপহার

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:৪৮:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:৫২:১৭ পূর্বাহ্ন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি, ‎

‎শেরপুরের নকলা উপজেলায় দৈনিক বাংলা পত্রিকার সাংবাদিক ও নকলা উপজেলা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো. মামুন মিয়াকে ঘিরে রহস্যজনক হুমকির ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর বাসার সামনে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা এবং সত্য প্রকাশের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ‎ ‎জানা যায়, দীর্ঘদিন ধরে নকলা উপজেলায় মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন মো. মামুন মিয়া। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার কারণে বিভিন্ন সময়ে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব চাপ ও ভয়ভীতিকে উপেক্ষা করেই পেশাগত দায়িত্ব পালনে অবিচল রয়েছেন তিনি।

‎ ‎অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তাঁকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে তাঁর বাসার সামনে একটি লাল ব্যাগ রেখে যায়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে ব্যাগটি দেখতে পান সাংবাদিক মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে দেখতে পান, এর ভেতরে কাফনের কাপড়, মোমবাতি এবং একটি চিরকুট রয়েছে। চিরকুটে লেখা ছিল—আপনার জন্য বিশেষ উপহার, আপনি ভালো হয়ে যাবেন।’ ‎ ‎এমন বার্তাকে নিছক উপহার হিসেবে দেখার সুযোগ নেই। কাফনের কাপড় ও মোমবাতির সঙ্গে এমন চিরকুট রেখে যাওয়ার ঘটনা একজন সাংবাদিককে ভয় দেখানো এবং তাঁর পেশাগত স্বাধীনতার ওপর চাপ সৃষ্টির অপচেষ্টা কি না, তা তদন্তের মাধ্যমে বের করা জরুরি। ‎ ‎ঘটনাটি দেখতে পেয়ে সাংবাদিক মামুন মিয়া তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে থাকা সামগ্রী পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়। ‎ ‎এ বিষয়ে সাংবাদিক মো. মামুন মিয়া জানান, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখার কারণেই তাঁকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তাঁর কলম থেমে থাকবে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ‎ ‎এদিকে একজন সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, প্রশ্ন তোলা কোনো অপরাধ নয়, আর জনস্বার্থে সত্য তুলে ধরা কোনোভাবেই ভীতির কারণ হতে পারে না। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা মানসিক চাপে রাখার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত। ‎ ‎সাংবাদিকের হাতে থাকা কলমকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

আজ মামুন মিয়া, আগামীকাল অন্য কোনো সাংবাদিক—এভাবে যদি ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি চলতে থাকে, তাহলে মাঠপর্যায়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরিবেশ সংকুচিত হয়ে পড়বে। ‎ ‎এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি, ‎ ‎তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে এমন সামগ্রী রেখে গেছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত হুমকি রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। ‎ ‎সাংবাদিক মামুন মিয়ার নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন তাঁরা। ‎

‎সত্য প্রকাশের পথ কখনো হুমকির কাছে পরাজিত হতে পারে না। কাফনের কাপড় কিংবা ভয়ভীতির চিরকুট দিয়ে কলমের শক্তিকে স্তব্ধ করার অপচেষ্টা বন্ধ হোক। ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]