বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়ছে, আমদানি ও ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০২:০২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০২:০৫:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়লেও উৎপাদন সেই গতিতে বাড়ছে না। ফলে সরবরাহ ঘাটতি ও বৈশ্বিক মজুত কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক বাংলাদেশে দেখা যাচ্ছে উল্টো চিত্র। জ্বালানি সংকটে দেশের স্পিনিং মিলগুলোর উৎপাদন ব্যাহত হওয়ায় তুলার ব্যবহার ও আমদানি কমছে। বিপরীতে একই সময়ে তুলার ব্যবহার বাড়িয়ে চলেছে আরেক শীর্ষ আমদানিকারক ভিয়েতনাম। এতে বৈশ্বিক চাহিদা বৃদ্ধির সময়ে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের বস্ত্রশিল্পের পিছিয়ে পড়ার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) নভেম্বর ২০২৬-এর ‘কটন: ওয়ার্ল্ড মার্কেটস অ্যান্ড ট্রেড’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে, যা বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলন থেকে পাওয়া গেছে। ইউএসডিএর নভেম্বর মাসের ওয়ার্ল্ড অ্যাগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড

এস্টিমেটস (ওয়াসডে) অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে বিশ্বে তুলার ব্যবহার দাঁড়াতে পারে ১২ কোটি ২৭ লাখ ৫০ হাজার বেলে, যেখানে উৎপাদনের পূর্বাভাস দেওয়া হয়েছে ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার বেল। অর্থাৎ উৎপাদনের চেয়ে ব্যবহার প্রায় ৫২ লাখ ৭০ হাজার বেল বেশি হতে পারে। একই সঙ্গে কমছে বৈশ্বিক মজুতও। চলতি বিপণন বছর শেষে বিশ্বে তুলার সমাপনী মজুত আগের বছরের ৭ কোটি ৫৬ লাখ ৪০ হাজার বেল থেকে কমে ৭ কোটি ৫ লাখ ৭০ হাজার বেলে নামতে পারে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ফলে বড় উৎপাদনকারী দেশগুলোতে ফলন উল্লেখযোগ্যভাবে না বাড়লে আগামী মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে তুলার দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে। জ্বালানি সংকটে কমছে বাংলাদেশের তুলা ব্যবহার ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে তুলার ব্যবহার ও আমদানি—উভয় পূর্বাভাসই কমিয়েছে ইউএসডিএ। সংস্থাটির হিসাবে, এ সময়ে দেশে তুলার ব্যবহার হতে পারে ৭৪ লাখ বেল এবং আমদানি ৭২ লাখ বেল। ২০২৫-২৬ বিপণন বছরের তুলনায় ব্যবহার প্রায় অপরিবর্তিত থাকলেও ২০২৪-২৫ বিপণন বছরের ৮২ লাখ বেলের তুলনায় তা অনেক কম। অর্থাৎ দুই বছরের ব্যবধানে দেশে তুলার ব্যবহার প্রায় ৮ লাখ বেল কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেলের বিশ্লেষণ অনুযায়ী, তুলার ব্যবহার কমার প্রধান কারণ জ্বালানি সংকট। দেশীয় গ্যাসের উৎপাদন হ্রাস, মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বিঘ্ন এবং একটি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে গ্রীষ্মকালজুড়ে শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাস পায়নি। ফলে অনেক স্পিনিং মিল বা সুতা উৎপাদনকারী কারখানা সক্ষমতার অনেক কম উৎপাদন করেছে। কোনো কোনো কারখানায় উৎপাদন সক্ষমতার ৩০ শতাংশের নিচে নেমে আসে, আবার কিছু কারখানা পুরোপুরি বন্ধও ছিল। এতে তুলার চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকরাও তুলা কেনা কমিয়ে দেন। এদিকে স্থানীয় স্পিনিং শিল্পকে সুরক্ষা দিতে সরকার সম্প্রতি ১০ থেকে ৩০ কাউন্টের সুতা শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানির পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর লক্ষ্য আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় সুতা উৎপাদনকারীদের মাধ্যমে পোশাকশিল্পের চাহিদা পূরণ করা। তবে নিরবচ্ছিন্ন জ্বালানি না থাকায় স্থানীয় মিলগুলো এই নীতিগত সুবিধার সুফল নিতে পারছে না। অন্যদিকে পোশাক রপ্তানিকারকদেরও উৎপাদন উপকরণের বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হচ্ছে। মজুত স্থিতিশীল, তবে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছর শেষে বাংলাদেশে তুলার মজুত দাঁড়াতে পারে ১৬ লাখ ২০ হাজার বেলে, যা দেশের বার্ষিক তুলা ব্যবহারের প্রায় ২২ শতাংশ। ব্যবহার কমে যাওয়ায় আমদানিকারকরা কেনাকাটা কমিয়েছেন, ফলে মজুতের পরিমাণ মোটামুটি স্থিতিশীল রয়েছে। গ্রীষ্মের সংকটের পর গ্যাস সরবরাহের কিছুটা উন্নতি হলেও তা এখনো চাহিদার তুলনায় কম। পাশাপাশি এলএনজি টার্মিনালের কার্যক্রমে বিঘ্ন ঘটলে পরিস্থিতি আবারও নাজুক হওয়ার ঝুঁকি রয়েছে। গত ৪ থেকে ৭ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এই অনিশ্চয়তা নতুন করে সামনে আসে। মহিউদ্দিন রুবেলের মতে, স্পিনিং মিলগুলো যত দিন নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাবে, তত দিন স্থানীয় সুতা উৎপাদন বাড়াতে সরকারের নীতিগত সহায়তা তুলার চাহিদা বৃদ্ধিতে তেমন ভূমিকা রাখতে পারবে না। তুলা ব্যবহারে এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম বাংলাদেশের বিপরীতে ভিয়েতনামে তুলার ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে ভিয়েতনামে তুলার ব্যবহার ও আমদানি—উভয়ই প্রায় ৮৩ লাখ বেল হতে পারে। দেশটির সমাপনী মজুতের পরিমাণ ১০ লাখ ৩০ হাজার বেল, যা বার্ষিক ব্যবহারের প্রায় ১২ শতাংশ। দক্ষ বন্দর ও সরবরাহ ব্যবস্থাপনার কারণে তুলনামূলক কম মজুত নিয়েও দেশটি আমদানি ও ব্যবহার কার্যক্রম সচল রাখছে। ভিয়েতনামে ২০২৪-২৫ বিপণন বছরে তুলার ব্যবহার ছিল ৮০ লাখ বেল, যা পরের বছর বেড়ে ৮১ লাখ ৫০ হাজার বেলে দাঁড়ায় এবং ২০২৬-২৭ সালে ৮৩ লাখ বেলে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে একই সময়ে বাংলাদেশে ব্যবহার ৮২ লাখ বেল থেকে কমে ৭৪ লাখ বেলে নেমে এসেছে। ভিয়েতনাম যেখানে ধারাবাহিকভাবে ব্যবহার বাড়াচ্ছে, সেখানে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের স্পিনিং শিল্প সক্ষমতা কাজে লাগাতে পারছে না। বৈশ্বিক বাজারে বাড়তি দামের ঝুঁকিতে বাংলাদেশ বিশ্ববাজারে উৎপাদনকে ছাড়িয়ে তুলার ব্যবহার বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতি ও মজুত হ্রাসের প্রবণতা তৈরি হয়েছে, যা আগামী মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়িয়ে দিতে পারে। আমদানিনির্ভর

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের জন্য এটি বাড়তি ব্যয়ের ঝুঁকি তৈরি করছে। একদিকে আন্তর্জাতিক বাজারে তুলা কেনার খরচ বাড়ার আশঙ্কা, অন্যদিকে দেশের স্পিনিং মিলগুলোর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে না পারা—দুই ধরনের চাপে রয়েছে স্থানীয় বস্ত্রশিল্প। তাই শুধু তুলা বা সুতা আমদানির নীতিতে পরিবর্তন আনলেই সমস্যার সমাধান হবে না; স্থানীয় উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। তা না হলে বিশ্ববাজারে চাহিদা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোর বদলে বাংলাদেশের স্পিনিং শিল্পকে উৎপাদন সংকট ও বাড়তি ব্যয়ের চাপেই থাকতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]