মাকে হারানোর বেদনা, সন্তানের চিকিৎসার চিন্তা—কফি বিক্রিতে বেঁচে থাকার লড়াই ফেরদৌসীর

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:৫১:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:৫৩:০১ পূর্বাহ্ন
খা‌লেক পার‌ভেজ লালু,উ‌লিপুর(কু‌ড়িগ্রাম)প্র‌তি‌নি‌ধি


মাকে হারানোর শোক, অসুস্থ সন্তানের চিকিৎসা ও সংসারের দায়িত্ব সামলাতে সাভারের সিআরপি হাসপাতালের সামনে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী। এই আয় দিয়েই সংসার চালানোর পাশাপাশি ছেলে ফারদিনের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। শত কষ্টের মধ্যেও করুণা নয়, সৎ উপার্জনে বেঁচে থাকার প্রত্যয় তাঁর। মাকে হারানোর বেদনা, সন্তানের অসুস্থতা আর সংসারের দায়িত্ব—সব মিলিয়ে কঠিন বাস্তবতার সাথে প্রতিনিয়ত লড়াই করছেন ফেরদৌসী। সাভারের সিআরপি হাসপাতালের সামনে নিজের হাতে কফি তৈরি করে বিক্রি করেন তিনি। এই উপার্জন দিয়েই সংসার চালানোর পাশাপাশি অসুস্থ ছেলে ফারদিনের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও সৎ পথে বেঁচে থাকার প্রত্যয় তাঁর। ফেরদৌসীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে। বাবা গফুর মিয়া পেশায় রাজমিস্ত্রি। ছোটবেলা থেকেই অভাব-অনটনের সাথে লড়াই করে বড় হয়েছেন তিনি। সংসারের টানাপোড়েনের কারণে অনেক ইচ্ছা ও স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। ফেরদৌসী জানান, তাঁর জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গা মা। মা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। অতিরিক্ত সময় কাজ করেছেন, নিজের শরীরের কথা ভাবেননি। মাকে সুস্থ করে ফিরে পাওয়ার স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি। মায়ের মৃত্যুর পর ছোট ভাইবোনদের দেখাশোনা ও সংসারের দায়িত্বও কাঁধে নিতে হয় তাঁকে। পরবর্তী সময়ে নিজের সংসার ও সন্তান নিয়ে নতুন করে স্বপ্ন দেখেন ফেরদৌসী। তাঁর মেয়ে মিম ও ছেলে ফারদিনকে ঘিরেই এখন সব আশা। কিন্তু ফারদিনের অসুস্থতা তাঁর জীবনের হিসাব বদলে দিয়েছে। অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না ছেলেটি। তার চিকিৎসা, থেরাপি, ওষুধ ও ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত চিন্তা করতে হয় তাঁকে। ফেরদৌসী বলেন, সন্তানের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছুটেছেন, মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন। কখনো সহযোগিতা পেয়েছেন, আবার কখনো অসহায় হয়ে বসে থাকতে হয়েছে। বর্তমানে সাভারের সিআরপি হাসপাতালের সামনে নিজের হাতে কফি তৈরি করে বিক্রি করেন তিনি। ফেরদৌসীর ভাষায়, এই কাজ করতে তাঁর কোনো লজ্জা নেই। কারণ সৎ উপার্জনের চেয়ে সম্মানের আর কিছু নেই। কখনো কয়েকটি কাপ নিয়ে বের হন, কখনো দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকেন।

কাঁধে ভার, হাতে গরম পানির পাত্র আর শরীরে ক্লান্তি নিয়েও কাজ চালিয়ে যেতে হয় তাঁকে। তিনি জানান, কোনো দিন কফি ভালো বিক্রি হয়, আবার কোনো দিন সারাদিন পরিশ্রম করেও সামান্য টাকা হাতে আসে। ঘরের খাবার, সন্তানের চিকিৎসা ও নিজের থাকার খরচ সামলাতে গিয়ে প্রায়ই দিশেহারা হয়ে পড়েন। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার নতুন করে পথ চলেন। ফেরদৌসী বলেন, অনেক মানুষ তাঁর পরিশ্রম দেখেন, আবার অনেকে শুধু বর্তমান অবস্থাটুকু দেখেন। কিন্তু এই অবস্থানে আসতে তাঁকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে, তা সবাই জানেন না। তিনি কারও কাছে করুণা চান না, কারও বোঝা হতে চান না। নিজের পরিশ্রমে বেঁচে থাকতে, সন্তানদের মুখে খাবার তুলে দিতে এবং ফারদিনের চিকিৎসা চালিয়ে যেতে চান। জীবনের অনেক অপূর্ণতা ও স্বপ্নভঙ্গের পরও আশা ছাড়েননি ফেরদৌসী। তিনি বিশ্বাস করেন, মানুষের জীবনে দুঃখ চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলে একদিন তাঁর জীবনেও সুদিন আসবে। নিজের সংগ্রামের কথা তুলে ধরে ফেরদৌসী বলেন, তাঁর হাসির পেছনে আছে কান্না, প্রতিটি কাপ কফির পেছনে আছে ঘাম, আর বেঁচে থাকার পেছনে আছে সন্তানদের নিয়ে হাজারো স্বপ্ন।

আলহামদুলিল্লাহ, সবকিছুর পরও তিনি বেঁচে আছেন, কাজ করছেন, লড়াই করছেন। যতদিন আল্লাহ শক্তি দেবেন, ততদিন সৎ পথে সংগ্রাম করে যাবেন। এ জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]