কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা বই, প্রযুক্তি ও সৃজনশীলতা-শিক্ষার্থীদের নতুন দিশা দেখাতে কালীগঞ্জে কর্মসূচি

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:০৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:০৮:৫১ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে শিক্ষার ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, স্মার্টফোন ও ইন্টারনেট এখন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অংশ। তবে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি বই পড়া, নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশও সমান গুরুত্বপূর্ণ। এ দুইয়ের সমন্বয়ে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে আয়োজন করা হয়েছে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় ও কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় নির্ধারিত বই পড়ে নির্দিষ্ট বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়টিও গুরুত্ব পায়। অনুষ্ঠানের প্রধান বক্তা বিশিষ্ট লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান বলেন, প্রযুক্তি ও বই একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং সঠিকভাবে ব্যবহার করতে পারলে প্রযুক্তি জ্ঞান অর্জনের পথ আরও সহজ করতে পারে। তবে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মনোযোগের বিকাশে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজন তাদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিকে কীভাবে পড়াশোনা ও জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করা যায়, সে বিষয়ে সচেতন হওয়ার সুযোগ তৈরি হয়েছে। কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের সদস্যসচিব ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল

মোশাররাফ ইবনে কাদির বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বিভিন্ন ধরনের বই পড়তে আগ্রহী করবে। পাশাপাশি ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে সৃজনশীল কাজে সময় ব্যয় করতে উৎসাহিত করবে। সভাপতির বক্তব্যে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে সেরা শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের বইমুখী করা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মননশীল হিসেবে গড়ে তুলতে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বই পড়ার অভ্যাস, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীল চিন্তার বিকাশও জরুরি। কালীগঞ্জের এ কর্মসূচি সেই সমন্বিত শিক্ষাচিন্তারই একটি উদ্যোগ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]