কেন্দুয়ায় ১ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৭:০১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৭:০৩:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ জন উপকারভোগী কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, সরিষা একটি গুরুত্বপূর্ণ তেলজাতীয় ফসল। দেশে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে প্রণোদনা প্রদান করছে। এসব সহায়তা কাজে লাগিয়ে কৃষকরা যেন অধিক জমিতে সরিষার আবাদ করেন এবং আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি অনুসরণ করে ভালো ফলন পান, সে বিষয়ে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের যথাসময়ে বীজ বপন, সুষম সার প্রয়োগ এবং প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মাহবুব আলম খান মহসিন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দুয়া শাখার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও

প্রান্তিক কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের সহায়তা কৃষকদের সরিষা চাষে আগ্রহী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে তেলবীজ উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]