অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি, অথচ ব্যাংক চেনেন না ভু'ক্ত'ভো'গী'রা

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৩:২৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৩:২৪:৩৩ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার পূবালী ব্যাংকের ঘোষপাড়া শাখায় ব্যাংক হিসাব জালিয়াতি এখন নতুন কোনো বিষয় নয়। দৈনিক আগামীর সময়ে গত ২৮ সেপ্টেম্বর ‘গরিবের নামে কোটি টাকা লেনদেন’ শিরোনামে খবর প্রকাশের পর বেরিয়ে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য। হতদরিদ্র-ছিন্নমূল মানুষের নামে এসব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে আরও ৩ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। ব্যাংক হিসাব জালিয়াতির মাধ্যমে বছর দেড়েক আগে আটজনের নামে খোলা হয় এসব অ্যাকাউন্ট। অথচ তারা কেউ কোনোদিন যাননি ব্যাংকটির শাখায়, দেননি কোনো সই-স্বাক্ষর। সবাই কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আবাসনের বাসিন্দা। ভুক্তভোগীদের দাবি, কয়েক যুবক বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ঘরবাড়ি দান করার কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও ছবি চেয়ে নিয়েছিল। পরে তারা কোনো ভাতা বা ঘরবাড়ি পাননি। এমন কী দেখা মেলেনি ওই যুবকদের। পরে একজনের নামে জালিয়াতির মামলার কথা শুনে টনক নড়ে সবার। এরপর ব্যাংক অ্যাকাউন্টের এস্টেটমেন্ট তুলে

তারা দেখতে পান, তাদের নামে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য। ভুক্তভোগীদের ব্যাংক এস্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে, অন্যের বাসাবাড়িতে কাজ করে খাওয়া শিল্পী খাতুনের ব্যাংক হিসাবে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। যার বেশিরভাগ অনলাইন লেনদেন। যা হয়েছে কখনো পূবালী থেকে পূবালী ব্যাংকের অন্য হিসাবে; কখনো হয়েছে নগদ, বিকাশ, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের একাধিক হিসাব নম্বরে। সরেজমিনে দেখা গেছে, মোছাঃ শিল্পী খাতুন আর তার স্বামীর বসবাস ধরলা আবাসন প্রকল্পের দুকক্ষের বাড়িতে। প্যারালাইস হয়ে বিছানায় তার স্বামী ডলার। তিনি জানালেন, ‘একদল ছেলে এসে আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে গেছিল। পরে আমরা ব্যাংক থেকে লেনদেনের তথ্য নিয়ে জানতে পারি, আমার স্ত্রীর নামে ১ কোটি ৩ লাখ টাকার মতো লেনদেন হয়েছে। আমার নামেও খোলা হয়েছে ব্যাংক হিসাব। তবে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে হিসাবের তথ্য দেয় নাই। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।’ মোঃ মেহের আলী নামের একজনের ব্যাংক হিসাব থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন হয়েছে ৯০ লাখ ৫৬৯ টাকা। অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে এসব লেনদেন। মেহের আলী বললেন ‘বাবা, আমি অসুস্থ মানুষ; কাজ করতে পারি না। কীভাবে কী হইল আমি কিছুই জানি না।’ এই আবাসনের বাসিন্দা মোঃ মকবুল হোসেনের ব্যাংক হিসাব থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত লেনদেন হয়েছে ৮৪ লাখ ৪৩ হাজার ৬৬৮ টাকা। তার বক্তব্যও একই রকম। এই ব্যাংক হিসাবের বিষয়ে তিনি কিছুই জানেন না। মোছাঃ সহিদা বেগমের অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লেনদেন হয়েছে ৪০ লাখ ৩৯ হাজার ৪৭০ টাকা। তিনি এই আবাসনে কাজ করেন অন্য মানুষের বাসায়।

ব্যাংকটি কোথায় তা তিনি চেনেনই না। আর বাচ্চু মিয়ার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১ লাখ ১ হাজার টাকা। তার বক্তব্য, তিনিও জানেন না, তার অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে কীভাবে। সার্বিক বিষয়ে কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবিরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।’ ভুক্তভোগীদের উপস্থিতি ছাড়া কীভাবে তাদের নামে ব্যাংক হিসাব খোলা হলো এবং এসব হিসাবে কে, কীভাবে বিপুল অর্থ লেনদেন করেছেন, সে বিষয়ে ব্যবস্থাপকের কাছ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। দরিদ্র মানুষের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা এবং সেসব হিসাবের মাধ্যমে কোটি টাকা লেনদেনের ঘটনায় ভুক্তভোগী আহিনা বাদী হয়ে মামলা করেছেন। গত ২ নভেম্বর কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা হিসেবে আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন মোঃ শামীম বাবু শান্ত, মোঃ আবুল হোসেন, মোঃ সোহানুর রহমান সৈকত, মোঃ নুর জামাল, মোঃ আনিছুর রহমান আপেল ও মোঃ রুহুল আমিন। মামলার তথ্যানুযায়ী, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পূবালী ব্যাংকে আট দরিদ্র মানুষের নামে জালিয়াতির মাধ্যমে আটটি ব্যাংক হিসাব খোলা হয়। এসব হিসাবের মাধ্যমে ৪ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৪৫৬ টাকা উত্তোলন করা হয়েছে। মামলার বাদীপক্ষের আইনজীবী মোঃ ফারুক

হোসেন সেতু বলেছেন, ‘দরিদ্র মানুষের এনআইডি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি, প্রকৃত অপরাধীরা ধরা পড়বেন এবং ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পাবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]