ঠাকুরগাঁও নদীতে ড্রেজার বসিয়ে অ'বৈ'ধ বালু উত্তোলন লাখ লাখ টাকার বাণিজ্য! প্রশাসন নিরব

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৭:৪২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৭:৪৪:১০ অপরাহ্ন
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে ইজারা ছাড়াই টাঙ্গন নদী থেকে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে লাখ লাখ টাকার বালু। জেলা সদরের বরুনাগাঁও এলাকায় নদীতে ড্রেজার মেশিন বসিয়ে যত্রতত্রভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে তোলা বালু পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। পরে ভেকু মেশিন দিয়ে ট্রাকে ভর্তি করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। বছরের পর বছর এভাবে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি নদী ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে জেলা সদরের বরুনাগাঁও এলাকায়

গিয়ে দেখা গেছে, টাঙ্গন নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে তোলা বালু পাশেই স্তূপ করে রাখা হয়েছে। পরে ভেকু মেশিন দিয়ে ট্রাকে বালু ভর্তি করে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, শুধু বরুনাগাঁও এলাকাতেই কয়েকটি স্থানে এভাবে বালু উত্তোলন চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরুনাগাঁও এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন সাইফুল ইসলাম সবুজ নামে এক ব্যক্তি। তিনি জেলা শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা। এ ছাড়া একই এলাকায় সেলিম, জালাল ও রাব্বিসহ আরও কয়েকজন স্থানীয় প্রভাব বিস্তার করে নদী থেকে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে নদীর বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে অবৈধভাবে লাখ লাখ টাকা আয়ের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রভাবশালী ব্যক্তিরা এভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছেন। প্রশাসনের সামনে এমন কার্যক্রম চললেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা তাঁদের বোধগম্য নয়। তাঁদের দাবি, অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তলদেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই নিয়ম মেনে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করা হোক। কিন্তু প্রভাবশালীরা নিজেদের মতো করে নদী থেকে বালু তুলে বিক্রি করছেন। বছরের পর বছর এমন কার্যক্রম চললেও প্রশাসনিক কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে নদী ও কৃষিজমির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম

সবুজ বলেন, নদীর পাশের জমির মালিকের সঙ্গে চুক্তি করে তিনি বালু উত্তোলন করছেন। তবে ইজারার কোন কাগজ দেখাতে পারেননি। এ ছাড়া অন্যদের বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে তিনি দায় অন্যদের ওপর চাপান। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলা সদরের নারগুণ এলাকায় একটি স্থানে বালু উত্তোলনের অনুমতি বা ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য কোথাও বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, অনুমতি ছাড়া কেউ বালু উত্তোলন করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নির্দিষ্ট একটি স্থানে বালু উত্তোলনের অনুমতি থাকলেও বরুনাগাঁওসহ বিভিন্ন স্থানে কীভাবে ড্রেজার বসিয়ে বালু

উত্তোলন ও বিক্রি চলছে? কারা এর সঙ্গে জড়িত এবং এত দিনেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? এসব বিষয় তদন্ত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সরকারি রাজস্ব রক্ষা এবং টাঙ্গন নদীকে ক্ষতির হাত থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]