উলিপুরে নিয়ন্ত্রণহীন অটোরিকশা, বাড়ছে যানজট, এক কিলোমিটার যেতে লাগে এক ঘণ্টা

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:১৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১১:২১:৪৮ অপরাহ্ন
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে দিন দিন তীব্র হচ্ছে যানজট। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইজিবাইক, মিশুক ও ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলে স্থবির হয়ে পড়ছে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। এমন পরিস্থিতিতে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতেও কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

পৌরসভা সূত্রে জানা গেছে, উলিপুর শহরে নিবন্ধিত ইজিবাইক, মিশুক ও ব্যাটারিচালিত অটোরিকশার একটিও নেই। তবে বাস্তবে শহরে চলাচলকারী এসব যানবাহনের সংখ্যা তিন থেকে চার হাজারের বেশি বলে ধারণা করা হচ্ছে। ফলে ছোট এই শহরের সড়কগুলোতে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। হাতিয়া ইউনিয়নের অটোরিকশাচালক মঞ্জিল জানান, উপজেলায় ৩০ হাজারেরও বেশি অটোরিকশা থাকতে পারে। প্রতিনিয়ত নতুন নতুন অটোরিকশা শহরে প্রবেশ করছে। এতে যানবাহনের সংখ্যা বাড়লেও সড়কের পরিধি বাড়ছে না। ফলে যানজট পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা মাচুমা খানম মেরি বজরা ইউনিয়নের চাঁদনী বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাসা থেকে শহরের আমিন মোড়ের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। নিজের যাতায়াতের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, আগে ইজিবাইক বা রিকশায় এই পথ যেতে সর্বোচ্চ ১০ মিনিট লাগত। এখন যানজটের কারণে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে। যানজট নিয়ে স্থানীয় ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট শহরের সড়কে প্রয়োজনের তুলনায় তিন চাকার যানবাহনের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি বড় আকারের কিছু অটোরিকশায় আটজন পর্যন্ত বসার ব্যবস্থা থাকলেও অনেক সময় যাত্রী থাকেন মাত্র দুই থেকে চারজন। এসব যানবাহন সড়কের উল্লেখযোগ্য অংশ দখল করে চলাচল করায় যানজট আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অটোরিকশার জটলা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং নির্দিষ্ট স্থানে যানবাহন দাঁড় করানোর ব্যবস্থা না থাকাও যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন ভুক্তভোগীরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাঁদের। এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর

প্রশাসক এ‌.টি.এম. আরিফ বলেন, শহরের যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। ইজিবাইক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ এবং সড়ক দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, শুধু পরিকল্পনা নয়, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। এতে উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]