নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তার সাবেক প্রেমিকা জেমিমা গোল্ডস্মিথ। জেমিমা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানেরও সাবেক স্ত্রী। ২০১৪ সালে রাসেল ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক চলাকালে তিনি তার হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে এসব কথা জানান জেমিমা।
৫২ বছর বয়সী জেমিমা পোস্টে জানান, ২০১৪ সালে একটি সহিংস ঘটনার পর ব্র্যান্ডকে তার বাড়ি থেকে সরিয়ে নিতে পুলিশ ডাকতে হয়েছিল। তবে ওই ঘটনায় তিনি কোনো আইনি অভিযোগ দায়ের করেননি। সে সময় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে তার কিশোর সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা থেকেই তিনি আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিলেন।
জেমিমা বলেন, ‘রাসেল ব্র্যান্ডের বিচারে সাহসের সঙ্গে সাক্ষ্য দেওয়া নারীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। ব্র্যান্ড অবশেষে বিচারের মুখোমুখি হয়েছেন, এতে তিনি স্বস্তিবোধ করছেন।’
সোমবার ব্রিটেনের আদালত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০০৯ সালে নিজের বাড়িতে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে চার নারীর সঙ্গে সংঘটিত এসব অপরাধের বিচার চলে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে। চার সপ্তাহের বিচার শেষে আদালত এ রায় দেন। তবে তার বিরুদ্ধে আনা ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং শ্লীলতাহানির চেষ্টার একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।
জেমিমা জানান, ২০১৪ সালের পর থেকে ব্র্যান্ডের সঙ্গে তার আর দেখা বা কথা হয়নি। তবে ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনুসন্ধানী সাংবাদিকদের তিনি সহযোগিতা করেছিলেন। প্রয়োজনে তার নির্যাতনমূলক আচরণের বিষয়ে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসি জানায়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১৫ সালে জেমিমা ও ব্র্যান্ডের নেওয়া একটি আদালতের নিষেধাজ্ঞা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। ওই নিষেধাজ্ঞায় সিলভিয়া বারকিকে তাদের হয়রানি করা এবং ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
জেমিমার দাবি, ২০১৪ সালের ৭ জুন বারকি তার বাড়িতে ব্র্যান্ডকে ম্যাসাজ দিতে এসেছিলেন। তবে তিনি পৌঁছানোর পর ম্যাসাজ আর হয়নি। পরে বারকি পুলিশের কাছে অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ব্র্যান্ড তাকে ধাক্কা দিয়েছিলেন এবং জেমিমার কুকুরও তাকে আক্রমণ করেছিল। জেমিমা জানান, তিনি নিজে ওই সময় কোনো অস্বাভাবিক ঘটনা দেখেননি। পুলিশকে বক্তব্য ও সিসিটিভি ফুটেজ দেওয়ার পর তদন্তে অভিযোগের পক্ষে মামলা করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
জেমিমার অভিযোগ, এরপর বারকি তাকে ইহুদিবিদ্বেষী ও হুমকিমূলক বার্তা পাঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অভিযোগ ছড়ান। এ অবস্থায় ব্র্যান্ডের আইনজীবীর পরামর্শে হয়রানি ঠেকাতে তিনি আদালতের নিষেধাজ্ঞা নিতে সম্মত হয়েছিলেন।
এদিকে ব্র্যান্ডের সাজা ঘোষণার সময় ভুক্তভোগীরা আদালতে তাদের মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেন। ধর্ষণের শিকার নারী বলেন, ‘সেই ঘটনার মানসিক আঘাত তাকে প্রতিদিন বহন করতে হয়।’
সাজা ঘোষণার পর ব্র্যান্ডকে লন্ডনের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ কারাগারে নেওয়া হয়েছে। ব্রিটিশ আইনের নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট গুরুতর অপরাধে চার বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত বন্দীরা সাজার দুই-তৃতীয়াংশ শেষে মুক্তি পেতে পারেন। সে হিসাবে সাত বছর পর মুক্তির সুযোগ থাকতে পারে ব্র্যান্ডের। তবে মুক্তির পরও সাজা শেষ না হওয়া পর্যন্ত তাকে নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে।