৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষ'ড়যন্ত্র করছে

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:৩৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:৩৬:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সাল, ১৯৯০ সাল এবং ২০২৪ সালে যারা পরাজিত হয়েছিল, তারা সবাই মিলেমিশে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা কলেজের মূল ফটকে ‘নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে ঢাকা কলেজ শাখা ছাত্রদল আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

সমাবেশে বক্তব্যে নাসির উদ্দিন নাসির বলেন, দীর্ঘ রাজপথের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের অন্যতম প্রধান স্বপ্ন ছিল দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখা। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তবে সরকার গঠনের পরও ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও সক্রিয় থাকতে হচ্ছে।

 

ছাত্রদলের এই শীর্ষ নেতা বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা ও গুমের শিকার হয়েছেন। স্বপ্ন পূরণ হওয়ায় অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো রাজপথের আন্দোলন থেকে একটু সরে আসা যাবে। কিন্তু পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালে পরাজিত পক্ষগুলো একজোট হয়ে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

 

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ছাত্রদল সেক্রেটারি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনার প্রচণ্ড রাগ ও ক্ষোভ রয়েছে। কারণ জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। এখন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করলেও সেই স্বাভাবিকতা নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।

 

তিনি দাবি করেন, দিল্লিতে বসে ষড়যন্ত্রের ছক কষে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চক্রান্ত চলছে। এই উদ্দেশ্য বাস্তবায়নেই দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল ও পটকা বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে। তবে ঢাকা কলেজ ছাত্রদল সম্পূর্ণ সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি ছাত্রদলের অবিচল সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা কলেজ ছাত্রদল সব সময় তারেক রহমানের রাজনৈতিক স্বার্থ ও তার সরকারের পাশে ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমালোচনা করে নাসির আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপরীতে একটি গুপ্ত সংগঠনকে এখন পর্যন্ত রাজপথে সক্রিয়ভাবে মিছিল-মিটিং করতে দেখা যায়নি। অথচ অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী তাণ্ডবের সময় কিংবা বিএনপি ও জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে যারা বাধা সৃষ্টি করেছিল, তাদের অনেকেই গত ৫ আগস্টের পর ছাত্রশিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন।

 

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিবিরের অতীতের এসব ভূমিকার কারণেই মূলত ছাত্রদলের আন্দোলন ও কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি।









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]