আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে বিপাকে বিএনপি নেতা

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৪৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৪৪:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার মামলার আসামি আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। গোলাপ হোসেন উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত নোটিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নাশকতার মামলায় ধানশাইল ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আটক করে থানা পুলিশ। পরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।

 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার উপজেলা বিএনপির পক্ষ থেকে গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে গোলাপ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা যায়নি।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]