নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন; মঞ্জিল মিয়া (৬৫), তাঁর ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), শহিদ (৫৫), মাহবুব (৩৫), জিয়াউদ্দিন (৫৫) এবং সাহাবুদ্দিন (৬০)।
মামলার বিবরণ অনুযায়ী, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না ও আসামিরা। রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। চুলার ধোঁয়া নিয়ে বিরোধ, পরে মারধর
২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য আসামিরাও জড়ো হন। পরে তাঁরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
স্বজন ও স্থানীয়রা আহত দুজনকে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে তাঁর মৃত্যু হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর এ মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত।