চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আ'গুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:৪৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:৩৪:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় সড়কে আগুন জ্বালিয়ে ঝটিকা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পুলিশ আসার আগেই সড়ক ছেড়ে অবরোধকারীরা পালিয়ে গেছে বলে ভাষ্য পুলিশের। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে দুই উপজেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এদিন ভোর পাঁচটার দিকে আনোয়ারার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় পিএবি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন ১০ থেকে ১২ জন তরুণ। এ সময় সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।

 

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

 

অন্যদিকে, সকাল ৬টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের নেতা-কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

 

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আসিফসহ বেশ কয়েকজনকে দেখা গেছে। তবে সড়ক অবরোধ অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এতে তাদের বক্তব্য নিরপেক্ষভাবে জানা সম্ভব হয়নি।

 

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]