সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:৪৩:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৫:৪৩:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ পুনরায় চাকরিতে পুনর্বহাল হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদনটি পর্যালোচনা করে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করা হয়। প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।

 

বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন-ভাতা এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করার মাধ্যমে তার চাকরিতে ফেরার চূড়ান্ত আইনি বাধা দূর হয়।

 

এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিবলে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালীন সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করায় তিনি ব্যাপক আলোচনায় আসেন এবং প্রাণনাশের হুমকির মুখে সাধারণ ডায়েরিও করেছিলেন।

 

অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করেন এবং জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ পুনর্বহালের নির্দেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরবর্তী সময়ে তা আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর ‘নট টু প্রসিড’ হিসেবে তা খারিজ হয় এবং ২৯ অক্টোবর প্রত্যাহারের আবেদন মঞ্জুর হওয়ার মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]