ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, কিশোরদের ওপর বাড়ছে কড়াকড়ি

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:৫৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৪:৫৩:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে মেটা। চলতি মাস থেকে ইনস্টাগ্রামে এ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ব্যবহারকারীর বয়স সম্পর্কে ধারণা নিয়ে সন্দেহভাজন কিশোরদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বয়স উপযোগী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে।

 

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলার সময় নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও তার পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে তাকে কিশোর হিসেবে শনাক্ত করতে পারবে এআই প্রযুক্তি। এমনটি হলে ওই অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে।

 

মেটার দাবি, এ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতেই বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করা হয়েছিল।

 

চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা নতুন ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। বছরের পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।

 

মেটার ‘টিন অ্যাকাউন্টে’ কিশোরদের নিরাপত্তায় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। এর মধ্যে ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা, প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ এবং রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখার ব্যবস্থা উল্লেখযোগ্য। পাশাপাশি দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা এবং সামাজিক তুলনা তৈরি করতে পারে-এমন কিছু লাইক ও রিঅ্যাকশন ফিচার সীমিত করার ব্যবস্থাও রয়েছে।

 

এ ছাড়া কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। একটানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালে সতর্কবার্তাও দেখানো হবে।

 

কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তায় সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে অন্যদের সঙ্গে তুলনা করার প্রবণতা এবং ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও তৈরি হয়।

 

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। এসব সমালোচনা, আইনি পদক্ষেপ ও আর্থিক সমঝোতার চাপের মুখেই কিশোরদের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মেটা।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]