আদমদীঘিতে খাবার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৪:৪৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:৪৯:৫৪ অপরাহ্ন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে কনফেকশনারি প্রতিষ্ঠান ও খাবার হোটেলকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানে গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারিকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ খাবার হোটেলকে ১ লাখ টাকা, স্টার খাবার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগে বিসমিল্লাহ হোটেলের খাবার খেয়ে পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। এছাড়া গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিকবার জরিমানা করার তথ্যও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। সুরক্ষা ও খাদ্যের মান নিশ্চিত করতে জনস্বাস্থ্য এই অভিযান চালানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]