প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:১৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:১৫:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পলাতক ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

 

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি শুনেছেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন। তবে আবেদনের সত্যতা যাচাই এবং এর আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলেও জানান তিনি।

 

এদিকে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন স্থাপনা ও বাসে মাঝেমধ্যে হামলা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে।

 

অন্যদিকে, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন তিনি। একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

 

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবর সামনে এল। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]