ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আ'গুন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনশন

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:১৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:১৩:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মরণে নির্মিত সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

 

রোববার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল ৯টা থেকে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত মধ্যরাতে সাগর চত্বরে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। তাকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও ঘটনাস্থলে আসেন।

 

এদিকে অগ্নিকাণ্ডের প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সকাল ৯টা থেকে অনশন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, আলী হোসেনসহ নেতাকর্মীরা। তাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এ ঘটনা ঘটিয়েছে।

 

অনশন চলাকালে তারা ‘সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘একশন একশন, ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে। জুলাইয়ের প্রশ্নে কোনো আপস হবে না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

 

শহীদ রেদোয়ান হোসেন সাগর ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নগরের সি কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর।

 

ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে সাগর চত্বর গড়ে তোলা হয়। প্রতিবছর সেখানে শহীদ সাগরের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]