৬০ বছর ধরে এক ভ''য়ং'কর অ'স্ত্র গোপন ইসরায়েলে, থামাতে পারেনি যুক্তরাষ্ট্রও

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১২:০৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১২:০৯:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার থাকার বিষয়টি বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরেই আলোচিত। তবে দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে প্রকাশ্যে স্পষ্ট অবস্থান নেয়নি। বরং ছয় দশকের বেশি সময় ধরে দুই দেশ বিষয়টি নিয়ে একধরনের অস্পষ্টতা বজায় রেখে চলেছে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও পারমাণবিক অস্ত্রের ঝুঁকি তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের এই নীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

 

১৯৬০ সালের শুরুর দিকে একদল মার্কিন কূটনীতিক ইসরায়েলের একটি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। এ সময় তাঁদের একজনের চোখে পড়ে, ডেড সি থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে নেগেভ মরুভূমির একটি স্থানে নির্মাণকাজ চলছে। তিনি সঙ্গে থাকা ইসরায়েলি প্রতিনিধি ও দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা আডি কোহেনের কাছে জানতে চান, সেখানে কী তৈরি করা হচ্ছে।

 

জবাবে কোহেন জানান, সেখানে একটি ‘বস্ত্র কারখানা’ তৈরি হচ্ছে। ওই মার্কিন কর্মকর্তাদের মধ্যে ছিলেন সে সময় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিড।

 

পরে জানা যায়, ওই নির্মাণস্থলটি ছিল ডিমোনা পারমাণবিক স্থাপনা। বর্তমানে এটিকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভান্ডারের উৎপাদনকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন গোয়েন্দারা স্থাপনাটির প্রকৃত পরিচয় জানতে পারার পর রাষ্ট্রদূত ওগডেন রিড ইসরায়েলি কর্মকর্তা আডি কোহেনের সঙ্গে বৈঠক করার দাবি জানান। তবে তত দিনে কয়েক মাস পেরিয়ে গিয়েছিল।

 

কোহেন প্রথমে বিষয়টিকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেন। তবে তার কথাবার্তায় এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে শেষ পর্যন্ত পারমাণবিক চুল্লিটি অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গোপন কূটনৈতিক বার্তায় এ তথ্য উঠে আসে। বর্তমানে বার্তাটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের গোপনীয়তামুক্ত নথির অংশ।

 

ওই ঘটনার পাঁচ বছর পর মার্কিন পরমাণু কর্মকর্তারা জানতে পারেন, পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম কারখানা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামের কয়েক শ পাউন্ড উধাও হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেন, ওই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রেও এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে কৌশলী অবস্থান বজায় রেখেছে। দুই দেশের কেউই ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার থাকার কথা স্বীকার করেনি। বরং আডি কোহেনের সেই ‘বস্ত্র কারখানা’ কথাটি এখন বিষয়টি এড়িয়ে যাওয়ার বহুল ব্যবহৃত সাংকেতিক শব্দে পরিণত হয়েছে।

 

গত ১৪ জুলাই এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির পরমাণু শক্তি কমিশনের প্রধানের সঙ্গে ‘বস্ত্র কারখানা’ নিয়ে একটি বৈঠকের কথা উল্লেখ করেন। ইসরায়েলি-মার্কিন ইতিহাসবিদ আভনার কোহেনের ভাষায়, সময়ের সঙ্গে বিষয়টি বিশ্বের ‘সবচেয়ে খারাপভাবে গোপন রাখা গোপন তথ্য’ হয়ে উঠেছে।

 

ইসরায়েল পারমাণবিক অস্ত্র থাকার ইঙ্গিত দিলেও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে না। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি অনুসরণ করে। এ নীতি ওয়াশিংটনকে অন্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা করার পাশাপাশি নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। একই সঙ্গে ইসরায়েল কীভাবে পারমাণবিক বোমা পেয়েছে, কিংবা আদৌ পেয়েছে কি না, সে বিষয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়া এড়াতে পেরেছে। তবে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার বিষয়টি প্রকাশ্যে এলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়ে অবস্থান বদলাতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে এ অঞ্চলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়তে পারে।

 

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলে গত ২৮ ফেব্রুয়ারি দেশটির ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে আট মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা ব্যর্থ হতে পারে বলে মনে করেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা।

 

অটল সমর্থনে চিড় ধরেছে কি

ইসরায়েলের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থনে এখন চিড় ধরতে শুরু করেছে। গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বছরের শেষে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। তার যুক্তি, ‘তাদের এখন আর এ সহায়তার প্রয়োজন নেই।’

এদিকে সাম্প্রতিক বছরগুলোয় ডেমোক্রেটিক পার্টির একদল আইনপ্রণেতা ও বিভিন্ন অধিকার সংগঠন বলছে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ভান করে যাওয়ার দিন শেষ হয়েছে।ডেমোক্রেটিক পার্টির নেতা এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য হোয়াকিন কাস্ত্রো সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো খুব বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের ‘সীমারেখা’ কোথায়, তা যুক্তরাষ্ট্র জানে না। এমনকি এসব অস্ত্র ব্যবহার করা হলে কিংবা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের কী ধরনের জরুরি পরিকল্পনা রয়েছে, তা-ও প্রকাশ করা হয়নি। ডিমোনা স্থাপনার নিচে একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনা ছিল বলে ধারণা করা হয়। সেখানে পারমাণবিক বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হতো। তবে মার্কিন পরিদর্শকেরা কখনো ওই স্থাপনার সন্ধান পাননি বলে জানিয়েছে সিএনএন।

 

২০২৪ সালে প্রচারিত হিব্রু ভাষার প্রামাণ্যচিত্র ‘দ্য অ্যাটম অ্যান্ড মি’-তে বলা হয়েছে, মার্কিন পরিদর্শকেরা আসার আগে ইসরায়েলি কর্মকর্তারা ওই স্থাপনার লিফটের প্রবেশপথ দেয়াল তুলে বন্ধ করে দিতেন। প্রামাণ্যচিত্রটিতে ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের সাক্ষাৎকারও রয়েছে। ওই সংস্থার দায়িত্ব ছিল পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে সহায়তা করা। তার মৃত্যুর পর সাক্ষাৎকারগুলো প্রকাশ করা হয়।

 

পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে স্বচ্ছতা বাড়ানো হলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রবিরোধী অবস্থানের বিশ্বাসযোগ্যতা আরও ক্ষুণ্ন হতে পারে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, নির্দিষ্ট অস্ত্রব্যবস্থা ও সামরিক অবস্থানসংক্রান্ত প্রতিবেদন নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করাই পররাষ্ট্র দপ্তরের দীর্ঘদিনের নীতি। মন্তব্য জানতে চেয়ে পাঠানো অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস সিএনএনের প্রশ্নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ও কোনো সাড়া দেয়নি। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও পারমাণবিক কৌশলবিদ ম্যাথিউ ক্রোয়েনিগ বলেন, ইসরায়েল যদি প্রকাশ্যে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে, তবে তা এ অঞ্চলের অন্য দেশগুলোর ওপর চাপ বাড়াবে। তারাও একই পথে হাঁটতে চাইবে। মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নীতির জন্য ভালো কিছু নয়।

 

গত জুন মাসে কংগ্রেসের এক উন্মুক্ত শুনানিতে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রশ্ন করেন হোয়াকিন কাস্ত্রো। হেনরি কিসিঞ্জারের পর রুবিওই দ্বিতীয় মার্কিন ব্যক্তি, যিনি একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে প্রকাশ্যে কোনো মার্কিন কূটনীতিকের দেওয়া বক্তব্যগুলোর মধ্যে তার মূল্যায়নকে সবচেয়ে খোলামেলাগুলোর একটি বলে বিবেচনা করা হয়।

রুবিও বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের বেশির ভাগ দেশই মনে করে, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে আমরা কখনোই প্রকাশ্যে তা স্বীকার করিনি, ইসরায়েলও কখনো করেনি। আর বিভিন্ন কারণে আমাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই আমরাও বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা করি না।’

 

পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্বীকারের নীতি

বিশেষজ্ঞদের মতে, শীতল যুদ্ধের সময় থেকেই এ গোপনীয়তার নীতি শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আশঙ্কা করেছিল, বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলে সোভিয়েত ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করতে পারে। অন্যদিকে ইসরায়েল ভয় পাচ্ছিল, নিজেদের পারমাণবিক অস্ত্রধর দেশ হিসেবে ঘোষণা করলে কূটনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

পেনসিলভানিয়ার ইউরেনিয়াম কারখানা থেকে ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম ধরা পড়ার বছরই তেল আবিব সফরে গিয়েছিলেন হেনরি কিসিঞ্জার। সেখানে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার কথাবার্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবহিত করেন তিনি।

তখন কিসিঞ্জার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতাদের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এর চার বছরের কম সময় পর, ১৯৬৯ সালে রিচার্ড নিক্সন প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেন তিনি।

ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে থাকা কথোপকথনের সারসংক্ষেপসংবলিত একটি স্মারক অনুযায়ী, কিসিঞ্জারের দৃঢ় বিশ্বাস ছিল, ইসরায়েল এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ওই কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন।

১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে একটি স্মারক পাঠান কিসিঞ্জার। এর সঙ্গে যুক্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেছিলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের ফলে কেউ ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমন আশঙ্কা অনেক বেড়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে নিক্সন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিলেন।

 

তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভবত ইসরায়েলকে থামানো আর সম্ভব হবে না। পারমাণবিক কর্মসূচির বিষয়টি গোপন রেখে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা হলে মার্কিন কংগ্রেস ক্ষুব্ধ হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। আবার কূটনৈতিক চাপ তৈরির জন্য ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা প্রকাশ্যে আনলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলতে পারত। এ উভয়সংকট এড়াতে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি বেছে নেয়। অন্যদিকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।

 

কিসিঞ্জার তার স্মারকে লেখেন, ‘আমরা আসলে যা চাই, তা হলো ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের মালিকানা থাকার বিষয় যেন অন্তত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।’

১৯৬৯ সালের জুলাইয়ে পাঠানো ওই স্মারকে নিক্সনের সিদ্ধান্তের কথা উল্লেখ নেই। পারমাণবিক অস্ত্র নিয়ে অস্পষ্টতা বজায় রাখার নীতি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নীতিতে পরিণত হয়, সেই মুহূর্তের কোনো সরকারি নথি আছে বলেও জানা যায় না।

 

ইসরায়েলি-মার্কিন ইতিহাসবিদ আভনার কোহেনের ধারণা, ওই বছরের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে নিক্সন ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের মধ্যে একান্ত বৈঠকে এ বিষয়ে কিছু নিয়মকানুন নিয়ে সমঝোতা হয়েছিল। কোনো সহযোগী কর্মকর্তা ছাড়াই অনুষ্ঠিত ওই বৈঠকের লিখিত নথি পাওয়া যায়নি। তবে পরে নিক্সনকে পাঠানো কিসিঞ্জারের একটি স্মারকে মেয়ারের সঙ্গে প্রেসিডেন্টের একান্ত বৈঠকের কথা উল্লেখ করা হয়।

 

স্মারকে বলা হয়, নিক্সনের মূল উদ্বেগ ছিল, ইসরায়েল যেন প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার ঘোষণা না দেয় বা পারমাণবিক পরীক্ষা চালানোর কর্মসূচি শুরু না করে। ওই বৈঠকের পর পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ কার্যত বন্ধ হয়ে যায়।

 

১৯৭০-এর দশকে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন এবং সরকারের পক্ষ থেকে অসাবধানতাবশত প্রকাশিত কিছু তথ্য থেকে ইসরায়েল পারমাণবিক বোমা তৈরি করেছে বলে জোরালো ইঙ্গিত পাওয়া যায়। তবু দেশটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও সেই নীরবতা বজায় রেখেছে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]