নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামে ছাত্রদলের এক নেতাকে আটকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এদিকে, আটক ওই নেতাকে ছিনিয়ে নিতে তার অনুসারীরা গুলিবর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ মুচিপাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মারুফ হাসান পিয়াস কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্যসচিব। তিনি হাটশ হরিপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার হালিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর বাড়িতে পিয়াসের নিয়মিত যাতায়াত ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। রোববার সন্ধ্যায় পিয়াস ওই বাড়িতে প্রবেশ করলে নারীর স্বামী ও স্থানীয় লোকজন একটি ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পিয়াসকে আটক করে মারধর করেন।
স্থানীয়দের অভিযোগ, পিয়াসকে উদ্ধারে তার অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ওই নারীর স্বামী অন্তর হোসেন বলেন, মারুফ হাসান পিয়াসের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করলেও এর কোনো প্রমাণ ছিল না। বাড়ির পাশেই তার দোকান। পিয়াস বাড়িতে প্রবেশ করলে তার ভাতিজারা বাড়ির ফটকে তালা দিয়ে তাকে খবর দেন। পরে তিনি বাড়ির পেছন দিয়ে গিয়ে ঘরের আলো বন্ধ অবস্থায় তাদের দেখতে পান।
তিনি আরও বলেন, পরে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কাজি ডাকেন। কিন্তু পিয়াস ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার লোকজন এসে গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে মারুফ হাসান পিয়াস বলেন, ওই নারী তার বন্ধুর ছোট বোন। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি তাকে ডেকেছিলেন। সেখানে তাকে সংঘবদ্ধভাবে মারধরের শিকার হতে হয়েছে। পরে তিনি সেখান থেকে পালিয়ে আসেন।
গুলির শব্দ শোনার কথা স্বীকার করে পিয়াস বলেন, গুলিবর্ষণের সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। কারা গুলি করেছে, তা তিনি জানেন না। তবে জাসদ ছাত্রলীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানতে পেরেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এলাকাবাসীর পক্ষ থেকেও কোনো ফোনকল বা জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বার্তা আসেনি। তবে ফেসবুকের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তিনিও গুলিবর্ষণের বিষয়টি শুনেছেন। পরে জানতে পেরেছেন, জাসদ ও ছাত্রলীগের মধ্যে পটভূমিগত বিরোধের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ওই এলাকায় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।