গাজাজুড়ে ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত লাখ লাখ ফিলিস্তিনি, তাঁবুর চরম সংকট

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১১:৫০:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১১:৫০:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত ও অবরুদ্ধ দশার মধ্যেই নতুন করে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দারা। সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসে সৃষ্ট বন্যায় উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্তত ৭০ হাজার অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্র প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ধসে পড়েছে কয়েক ডজন দেয়াল। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ঝড়বৃষ্টিতে আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি সহায়তার আবেদন জানিয়ে দেড় সহস্রাধিক ফোন কল এসেছে। সংস্থাটির তথ্যমতে, বৈরী আবহাওয়ায় বর্তমানে দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে তাৎক্ষণিকভাবে অন্তত তিন লাখ নতুন তাঁবু প্রয়োজন।

 

উত্তর গাজার গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ছিন্নভিন্ন হয়ে গেছে মানুষের শেষ আশ্রয়টুকু। কাদাপানিতে ভিজে একাকার হয়ে গেছে তোশক, বালিশ ও পরনের কাপড়চোপড়। প্রায় চার লাখ বাস্তুচ্যুত মানুষ বর্তমানে এমন সব ঝুঁকিপূর্ণ নিচু এলাকায় অবস্থান করছেন, যা যেকোনো মুহূর্তে আরও ভয়াবহ বন্যার শিকার হতে পারে।

 

এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহতে পরিস্থিতি আরও সংকটজনক। সেখানকার প্লাবিত ক্যাম্পগুলোতে শনিবার সকাল থেকেই কোনো ধরনের খাদ্যসহায়তা পৌঁছায়নি। ইসরায়েলি বাহিনীর ত্রাণ অবরোধের মুখে আগে থেকেই অনাহারে-অর্ধাহারে দিন পার করা লাখো মানুষ এখন চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন। গাজার সরকারি জনসংযোগ দপ্তরের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক এই দুর্যোগে অবকাঠামোগতভাবে আনুমানিক ৩০ লাখ ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ফিলিস্তিনে ইউনিসেফের বিশেষ প্রতিনিধি জোনাথন ভিচ জানিয়েছেন, গাজার সিংহভাগ মানুষ বর্তমানে অমানবিক ও শোচনীয় পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। সংকট উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে আরও অর্থায়ন ও ত্রাণসহায়তা পৌঁছানোর আহ্বান জানান তিনি।









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]