রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযান, একাদিক অনিয়মের প্রমান মিলেছে

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৬:৫২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৬:৫৪:২৪ অপরাহ্ন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক অভিযান চালিয়ে স্বাস্থ্যসেবায় নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক অসংগতির প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ, ওষুধের স্টোর, রোগীদের সেবার কার্যক্রম এবং সংশ্লিষ্ট নথিপত্র পরিদর্শন করা হয়। এতে বেশ কিছু অনিয়ম ও অসংগতি উঠে আসে। দুদকের অভিযানে দেখা যায়, আল্ট্রাসনোগ্রাফি সেবার দায়িত্বে থাকা চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। চলতি নভেম্বর মাসে ইসিজি (ECG) পরীক্ষার কোনো রেজিস্টার সংরক্ষণ করা হয়নি। হাসপাতালের

স্টোরে ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের নিয়ম অনুযায়ী ওষুধ সরবরাহ না করার অভিযোগও পাওয়া যায়। এ ছাড়া হাসপাতালের ওয়ার্ড ও শৌচাগারের অপরিচ্ছন্নতা, ওষুধের স্টক ও সরবরাহের তথ্যে গরমিল এবং কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ব্যবস্থাপনায় অসংগতি শনাক্ত করা হয়। অন্যদিকে, অ্যাম্বুলেন্স চালকের লগবুক সংরক্ষণেও অসংগতি পাওয়া গেছে। রোগীদের বিভিন্ন স্থানে নেওয়ার কথা বলে চালক অতিরিক্ত টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়েও অনুসন্ধান করা হচ্ছে। অভিযান শেষে রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ওষুধের মজুত থাকা সত্ত্বেও রোগীদের ওষুধ না দেওয়া, অপরিচ্ছন্ন ওয়ার্ড ও টয়লেট, আল্ট্রাসনোগ্রাফি সেবায় অনিয়ম, ওষুধের স্টকে গরমিল এবং কর্মকর্তা-কর্মচারীদের হাজিরায় অসংগতি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, হাসপাতালের বাজেটের অর্থ নির্ধারিত খাতের বাইরে ব্যয় এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকারি হাসপাতালে ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীরা তা না পেলে এবং সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক।

দুদকের এ অভিযান সংশ্লিষ্ট অনিয়মের প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]