নিজস্ব প্রতিবেদক
সরকারি স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনিষ্পন্ন অডিট আপত্তির জবাব দিতে পাঁচ কার্যদিবসের সময় বেঁধে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা দিতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ আকতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত অনিষ্পন্ন অডিট আপত্তির অর্থবছরভিত্তিক ব্রডশিট জবাব প্রস্তুত করতে হবে। জবাবের সঙ্গে আপত্তির পরিশিষ্ট, প্রয়োজনীয় প্রমাণক ও সংশ্লিষ্ট মতামত সংযুক্ত করতে হবে। পাশাপাশি এসব নথির তিন সেট হার্ডকপি ও সফটকপি জমা দিতে হবে। সফটকপি ইউনিকোড নিকোষ ফন্টে ওয়ার্ড ফাইলে তৈরি করে পেনড্রাইভে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বাহকের মাধ্যমে মাউশির দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষে এসব নথি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
এ নির্দেশনা দেশের সব উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাউশির আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।