উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে: প্রতিমন্ত্রী নুরুল হক

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৬:০৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৬:০৭:৫৭ অপরাহ্ন

সঞ্জীব কুমার সাহা,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

 

উদারতার সুযোগ নিয়ে কেউ যেন দেশের বর্তমান পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক।

 

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার অনলাইনে ভার্চুয়াল যোগাযোগের বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। বিভিন্ন জায়গায় কারা বক্তব্য দিয়েছেন, তাঁদের তালিকা ও অডিও প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শেখ হাসিনা একজন দণ্ডিত ব্যক্তি এবং আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি রাজনৈতিকভাবেও বিষয়টি মোকাবিলা করতে হবে।

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বক্তব্য দিয়েছেন, ঠিক সেভাবেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়ে মানুষের মধ্যে সেই আবেগ তৈরি করতে পেরেছেন। উত্তরাধিকার সূত্রে তিনি সেই অবদান রেখে চলেছেন।

 

তিনি আরও বলেন, অতীতে আমাদের ওপর যে ধরনের নির্যাতন করা হয়েছে, আমরাও তাদের সঙ্গে একই আচরণ করতে চাইনি। আমি বলেছি, এলাকার মানুষ এলাকায় থাকুক। তবে যারা অতিরিক্ত অন্যায় করেছে, তাদের পাপের প্রায়শ্চিত্ত নিজেদেরই করতে হবে। প্রকৃতিরও একটি বিচার রয়েছে, যাকে বলা হয় ‘ন্যাচারাল পানিশমেন্ট’।

 

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাব হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার কবির, পটুয়াখালী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। বহুদলীয় গণতন্ত্রের পথচলা সুগম করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়ন ও জনগণের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]