দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছি'টকে গেলেন সাদমান

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৩:৩৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৩:৩৯:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গোড়ালিতে চোট পান সাদমান ইসলাম। সেই চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন এই টাইগার ওপেনার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

 

বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্য ক্রিকবাজকে বলেন, ‘সাদমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানা মতে, তার গোড়ালিতে টিস্যু ছিঁড়ে গেছে। এমনকি হাড়ে চিড় ধরারও আশঙ্কা রয়েছে।’

 

সিলেটে চলমান দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একজন ব্যাটার কম নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। এদিকে সাদমানের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

 

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পাওয়ার অপেক্ষায় রয়েছেন রবিন। তিনি বর্তমানে সিলেটে জাতীয় দলের সঙ্গে আছেন। সফরের প্রস্তুতি নিতে নেট অনুশীলনে জাতীয় দলের কোচদের সঙ্গে কঠোর পরিশ্রম করছেন এই ওপেনার।

 

দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]