রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
টিকটক করতে বাঁধা দেয়ায় মায়ের সাথে অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
খবরপেয়ে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন কটকস্থল গ্রামের। মৃত জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে ও সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলো।
মৃতের স্বজনদের বরাত দিয়ে রবিবার সকালে গৌরনদী মডেল থানার এসআই মো. আলাউদ্দিন জানিয়েছেন, পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় জান্নাতুলের মা তাকে শনিবার (৭ নভেম্বর) বিকেলে বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগায় জান্নাতুল।স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।